নিজস্ব প্রতিবেদক : জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন পুড়িয়ে দেওয়াসহ দোকান ভাঙচুর করেছে প্রতিপক্ষ প্রার্থী শাহ মাসুদ সমর্থিত বিএনপির কর্মীরা ।
জামালপুর শহরের দেউরপাড় চন্দ্রা সাতরাস্তা মোড়ে সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সোহেল মিয়া জানান, রাত ১০টার দিকে জামালপুর পৌরসভার সম্ভাব্য প্রার্থী সোহেল রানা খানের ফেস্টুন টাঙানো হয়। ফেস্টুন টাঙানো ২০ মিনিট পরেই ১২নং ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি বিজু আহমেদ ও সাধারণ সম্পাদক হান্নানের নেতৃত্বে প্রতিপক্ষ প্রার্থী শাহ মাসুদের কর্মী-সমর্থকরা ফেস্টুনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
পরে আমার দোকান ভাঙচুর করেছে। ফেস্টুন পোড়ানো ও দোকান ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সোহেল রানা খানের সমর্থক সোহেল মিয়া।
তিনি আরো জানান, সোহেল রানা খানের সমর্থক হওয়ায় আমাকে প্রাণনাশ ও এলাকা থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে শাহ মাসুদের কর্মীরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
অভিযুক্ত সম্ভব্য মেয়র প্রার্থী শাহ মাসুদের সমর্থক ১২নং ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) সভাপতি আব্দুল হান্নান বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়, এ রকম কোনো ঘটনাই ঘটেনি।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে বলেন, অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






