নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সব অর্জন বৃথা যাবে। গত জুলাইয়ের অভ্যুত্থান থেকে শুরু করে গত ১৭ বছরে যে রক্ত ঝরেছে, যে গুম-খুন হয়েছে; সবই অর্থহীন হয়ে পড়বে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমাদের ভাই-বোনদের রক্ত, আবু সাঈদ, মুগ্ধসহ দেশপ্রেমিক হাদির মৃত্যু—এসব ত্যাগ ইতিহাসে লেখা থাকবে।
কিন্তু সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে আগামীদিনে কোন দল রাষ্ট্রক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে।
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ জানাই-আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না।
গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
শামা ওবায়েদ আরও বলেন, দেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।






