নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোংলা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা-মোংলা রেললাইনের দ্বিগরাজের বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
ট্রেন চালকের বরাদ দিয়ে মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এস এম মনির আহমেদ জানান, মারা যাওয়া তরুণী দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেয়। মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করার জন্য ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহন শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।






