স্পোর্টস ডেস্ক:
ম্যাচের ২৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ইন্টার মিয়ামি। তবুও আশা হারায়নি লিওনেল মেসিরা। প্রবল আত্মবিশ্বাসী মিয়ামি শেষ পর্যন্ত এক পয়েন্ট আদায় করেই নিয়েছে নিউইয়র্ক সিটির কাছ থেকে। শেষ মুহূর্তের নাটকীয় গোলে ২-২ গোলে ড্র করেছে ১০ জন নিয়ে খেলা ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।
রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের উদ্বোধনী ম্যাচ খেলতে নামে গেল মৌসুমের চ্যাম্পিয়ন মিয়ামি।
দারুণভাবেই মৌসুম শুরু করেন মেসি। দলের দুটি গোলেই ছিল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার অবদান। যদিও পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে না পারার হতাশা ঘিরে ধরেছে মেসিদের। ম্যাচের শেষ দিকে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন মেসি।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামি মিয়ামির হয়ে সমতাসূচক গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। এমএলএসে অভিষেক ম্যাচে অতিরিক্ত সময়ের ১০ মিনিটে গোল করে ১০ জনের মিয়ামিকে রক্ষা করেন তিনি।
ম্যাচের ৫ মিনিটে ‘সাপোর্টার্স শিল্ড’ বিজয়ী মিয়ামিকে এগিয়ে দেন টমাস অ্যাভিলেস। দুর্ভাগ্যজনকভাবে প্রথম গোলের ১৮ মিনিট পর নিউইয়র্ক সিটির আলোনসো মার্টিনেজের নিশ্চিত গোলের পথে বাধা দেওয়ায় লাল কার্ড দেখেন তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় মিয়ামি।






