স্পোর্টস ডেস্ক:
দুদিন পর পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির। ট্রফির মিশনে রোববার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে ভারত। সেই মহারণে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন কারা, তার তালিকা দিয়েছে আইসিসি।
শিরোপা ফয়সালার ম্যাচটিতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। চারবারের বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দেখা গেছে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। রিজার্ভ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আরেক লঙ্কান রঞ্জন মাদুগালে।
সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও একসঙ্গে দায়িত্ব পালন করেন রাইফেল ও ইলিংওয়ার্থ। দুবাইয়ে সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত। লাহোরে আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এবার ফাইনালের মিশন।
পর্দা নামার দিনে বিকাল ৩টায় শুরু হবে মহারণ। ট্রফির মিশনে আত্মবিশ্বাসী কিউইরা, প্রত্যয়ী রোহিত শর্মার ভারত। দুই ফাইনালিস্টের কথার লড়াই চলছে, মাঠের লড়াইয়ের জন্য অপেক্ষা।






