নিউইয়র্ক প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সিসহ কয়েকটি স্টেটে বছরের প্রথম তুষার ঝড় বয়ে গিয়েছে। যার প্রভাবে জনজীবনে ব্যাপক ভোগান্তি নেমে এসেছে। রবিবার বিকাল থেকে শুরু হওয়া তুষার ঝড়ে কোথাও কোথাও ৩/৪ ইঞ্চি তুষার জমেছে । জনসাধারণের যাতায়াতের জন্য বিভিন্ন সড়কে প্রায় ২০ বিলিয়ন পাউন্ড লবন ছিটিয়ে দিয়েছে বিভিন্ন সংস্থাগুলো ।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যের ভিত্তিতে শনিবার জরুরী সংবাদ সম্মেলন করেই তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছিলো নগর কর্তৃপক্ষ। প্রচণ্ড বাতাস, তুষারময় পরিবেশে আলোর স্বল্পতা এবং পর্যুদস্তু রাস্তায় কাউকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয় ।
রবিবার সন্ধ্যা থেকেই নিউ ইয়র্কসহ আশপাশের কয়েকটি স্টেটে প্রচন্ড তুষার ঝড় শুরু হয় । চলে সোমবার ভোর পর্যন্ত। ৩/৪ ইঞ্চি তুষারে জমে যায় রাস্তাঘাট বাসা বাড়ি আঙ্গিনা ।
সোমবার সকাল থেকেই বাসা বাড়ির আঙ্গিনায় জমে থাকা তুষার আর রাস্তা পার্কিং করা গাড়ী পরিস্কার করতে ব্যস্ত হয়ে পড়েন বাসিন্দারা। এদিকে মঙ্গলবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫-৭ ডিগ্রী পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস কর্তৃপক্ষ। বাড়তি সতর্কতার অংশ হিসেবে গাড়ি গতি কমিয়ে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন চালকরা ।
রবিবার সাপ্তাহিক ছুটি এবং সোমবার সরকারি ছুটি থাকায় স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে জনসাধারণের চলাচল সীমিত হয়ে গেছে। তবে সোমবার সকাল থেকে সূর্যের আলোয় কিছুটা স্তুতি এসেছে জনজীবনে ।






