নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সান্তহারে নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন হয়েছে। লাইন স্থাপনের কাজ চলছে। বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে ট্রেন চলাচল শুরুর প্রত্যাশা করছেন সংশিষ্টরা। এ ঘটনায় সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচুত্যির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শতাধিক আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে এ লাইনচুত্যির ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, ট্রেনচালক সিগনাল না বুঝে দ্রুত গতিতে ট্রেন চালিয়ে যাচ্ছিলো। চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।
আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়। এসময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এলাকাবাসীরাও তাদের সহযোগিতা করে। নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় অন্তত ৫০ থেকে ৬০ জনকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। লাইনচ্যুত হওয়া ৯টি যাত্রীবগি তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়।






