শিক্ষাঙ্গন ডেস্ক:
বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোট তিন হাজার ৯৫১ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি দেওয়া হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিত স্বর্ণপদক দেওয়া হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতির ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের প্রতিনিধি হিসেবে গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার সমাবর্তনে সভাপতিত্ব করেন।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বহু শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের নব্য স্বাধীনতা। সামাজিক বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, পশ্চাৎপদতা দূরীকরণ এবং সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলার মাধ্যমেই অর্জিত হতে পারে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, এ অর্জনের অঙ্গীকারই বাংলাদেশ শিক্ষার্থীদের কাছ থেকে আশা করে। জ্ঞানবিজ্ঞান, শিক্ষা, গবেষণা, সাহিত্য, অর্থনীতি, রাজনীতিসহ সব ক্ষেত্রেই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সততা, কর্মনিষ্ঠা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে শিক্ষার্থীরা গড়ে তুলবে সমৃদ্ধশালী বাংলাদেশ।
অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ততদিন দেশ উন্নত হবে না যতদিন পর্যন্ত দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনীতির হাল ধরার জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ প্রকৃত উচ্চশিক্ষিত নাগরিক আমরা সৃষ্টি করতে না পারি।
গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও দশের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে। ভালো মানুষ, মানবিক মানুষ হতে হবে। বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে। তরুণরা এ দেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকারও বাকস্বাধীনতার।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক হাসান দিয়াব। তিনি বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের নয়, এ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আশার আলো ও মডেল। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকীকরণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে শাখা ক্যাম্পাস চালুর মধ্যদিয়ে বৈচিত্র্যময় ছাত্র সম্প্রদায়কে বিশ্বমানের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার প্রতিশ্রুতি ও যোগ্যতা দেখিয়েছে।
সমাবর্তনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান প্রমুখ।
সমাবর্তনে ৩৯৫১ জন শিক্ষার্থী ডিগ্রি লাভ করেন। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিত স্বর্ণপদক দেওয়া হয়।






