এরশাদুল বারী : ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তা না হলে এক বছর আগে শহীদ আবু সাঈদ-মুগ্ধসহ অসংখ্যা মানুষের জীবনের বিনিময়ে অর্জিত প্রকৃত বিপ্লব সফল হবে না। কারণ স্বৈরশাসক দেশকে থেকে পালালেও তাদের দোসররা এখনো দেশের সর্বত্র ঘাপটি মেরে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দুতালয়ের উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
দুতালয়ের প্রধান তন্ময় মজুমদারের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, ডেনমার্ক শাখা বিএনপি’র সভাপতি গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ এসোসিয়েশন অব ডেনমার্কের যুগ্ন সাধারন সম্পাদক জিয়া হাসান, জুলাই রেভুলিউশন ইউনিটি ডেনমার্কের সংগঠক সামছুল চৌধুরী, মহিবুর রহমান, মেহেদী হাসান তালহা, বিএনপি নেতা শেখ মতিউজ্জামান মামুন, সোনিয়া সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম সবাইকে অভ্যর্থনা জানান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানের শুরু হয়। পরে জুলাই অভ্যুত্থানে শাহদাতবরনকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও জুলাই অনির্বান শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম বলেন, বৈষম্য, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার লড়াইয়ে সব শ্রেণী-পেশার মানুষ রাস্তায় নেমেছিল এবং শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য ছাত্র-জনতার জীবনের বিনিময়ে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। তাদের এই আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে এবং তারা যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল সেটাকে আমাদের ধারণ করতে হবে। এসময় তিনি অন্তবর্তীকালীন সরকার গঠন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি পরিপূর্ন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যাবর্তনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামিল হতে ডেনমার্কের সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
গাজী মনির আহমেদ বলেন, ফ্যাসিস্ট হাসিনার গত ১৫ বছরের দু:শাসনে বিএনপি নেতাকর্মীরা নির্মম নির্যাতন সহ্য করেছে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনেও সব ধরনের সহযোগিতা করেছে বিএনপি। যার ফলশ্রুতিতেই আমরা স্বৈরতন্ত্রকে বিদায় করতে পেরেছি। তাই নতুন বাংলাদেশে আমাদের সব মত বিতর্ক ভুলে দেশ গড়ার কাজে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সামছুল চৌধুরী বলেন, অনেক চাপ মাথায় নিয়েই আমরা গত বছরে ডেনমার্কে আন্দোলনে নেমেছিলাম। অনেক জায়গা থেকেই আমাদের হুমকি-ধামকি দেয়া হয়েছে। সবকিছু উপেক্ষা করেই আমরা প্রতিবাদ করেছি।
শেখ বদিউজ্জামান মামুন বলেন, এই দেশ আমার আপনার সবার। এখানে যেন কোন স্বৈরতন্ত্র, চোর, বাটপার, চাঁদাবাজ ও জুলুমকারীদের স্থান আর না হয়।
সোনিয়া সারোয়ার বলেন, আমাদের মনে রাখতে হবে হাসিনা পালালেও তাদের প্রেতাত্মারা এখনো দেশের বিভিন্ন জায়গায় বসে থেকে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের প্রতিহত করতে হবে। একই সাথে ২০২৪ এ জুলাইয়ে ছাত্র জনতা ও সব রাজনীতিবিদরা যেভাবে এক সাথে আন্দোলন করেছিল এখনো কাদা ছোড়াছুড়ি না করে আমাদের সবাইকে সব ভেদাভেদ বলে একসাথে কাজ করতে হবে।
অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তির উপলক্ষে কোপেনহেগেনে পৃথক আলোচনা সভার আয়োজন করে ডেনমার্ক শাখা বিএনপি। এতে ডেনমার্ক শাখা বিএনপি’র সভাপতি গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ নেতারা বক্তব্য রাখেন।






