নিজস্ব প্রতিবেদক : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও নবনির্বাচিত সংসদ সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর রাইফেল ক্লাবসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা। ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গেই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বেহির দিকে এগিয়ে যান এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি নীরবে দাঁড়িয়ে সম্মান জানান।
এরপর তারা পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ বাজতে থাকে।
এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷
এ সময় চসিক মেয়ের ডা. শাহাদাত হোসেন বলেন, পৃথিবীতে একটাই জাতি আছে, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার। ভাষাশহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না।
তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাকে পেয়েছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সব সনদে বাংলা ভাষার ব্যবহারের জন্য একটি আইন করা হচ্ছে বলেও জানান। তিনি আরো বলেন, সর্বত্র আমাদের মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দেওয়া উচিত।






