নিজস্ব প্রতিবেদক : খুলনার ৩০২ রান, নাসিরের ৩ উইকেটবগুড়ায় রংপুরের বিপক্ষে সুবিধা করতে পারেননি খুলনার ব্যাটসম্যানরা। তবে একজন ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরির পরও তারা প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটে ৩০২ রান নিয়ে। ১ ছক্কা ও ১১ চারের ইনিংসে ৫৫ বলে ৫৬ রান করে খুলনার সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। খুলনার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান এসেছে জিয়াউর রহমানের ব্যাট থেকে। রংপুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন নাসির হোসেন।
শিরোপার লড়াইয়ে সিলেট
রাজশাহীতে শীর্ষ দল হিসেবে বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট বিভাগ। জিতলেই চ্যাম্পিয়ন এমন ম্যাচে তিন পেসার রেজাউর রহমান, ইবাদত হোসেন ও খালেদ আহমেদকে ছাড়াই খেলছে তারা। সকালে তাদের অভাবও কিছুটা অনুভব করেছে তারা।
৩ উইকেটে ১৮৮ রান তুলে ফেলেছিল বরিশাল। তবে শেষ বিকেলে দলটির আরও ৬ উইকেট তুলে নিয়ে ফেরার বার্তা দিয়েছে সিলেট। দলটির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার মহিউদ্দিন তারেক, ২ উইকেট পেয়েছেন আবু জায়েদ চৌধুরীও। বরিশালের হয়ে সর্বোচ্চ ৬৩ রান এসেছে ওপেনার ইফতেখার হোসেনের ব্যাটে। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে কাল তারা দিন শুরু করবে।
লড়াই চালাচ্ছে ময়মনসিংহও
পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ময়মনসিংহ প্রথম দিন দাপট দেখিয়েছে। রাজশাহীকে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট করে দিয়ে ২ উইকেটে ৭৩ রান করেছে তারা। খালেদ হাসান ৬০ বলে ২৮ ও আরিফুল ইসলাম ১৪ বলে ৫ রান নিয়ে কাল দিন শুরু করবেন।
এর আগে ময়মনসিংহের হয়ে বল হাতে নেতৃত্ব দেন আবু হায়দার। ১২ ওভারে ৬১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট আসাদুল্লাহ হিল গালিব ও রাকিবুল হাসানের। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন নাঈম আহমেদ।





