নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরব, কাতার এবং ওমান সফর চলাকালে বাংলাদেশি প্রবাসীদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ বার্তা দেন। ফেসবুক পোস্টে প্রভাবশালী আরব দেশগুলোতে চলমান সফরে নতুন ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
এর আগে তিনি সৌদী আরব, কাতার ও ওমানের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি ফেসবুক পোস্টে লিখেছন, সৌদী আরবে আমার এবারের সফর ছিল সরকারী, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সাথে সৌদী আরবের মানবসম্পদ ও স্বরাস্ট মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে।
সৌদী আরব সেখানে আকামা বিহীন ভাবে থাকা বাংলাদেশীদের বিষয়ে চাকুরীদাতাদের দায়দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে, চাকরীর চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।
ফেসবুক পোস্টে তিনি আরো লিখেছেন, ওমান সেখানকার সকল বাংলাদেশীদের থাকার বৈধতা দেয়ার প্রতিশ্রতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে। এখন পর্যন্ত সব প্রতিশ্রুতিই। তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো-আপ করবো। প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। এটা আমার মন্ত্রনালয়ের বিষয় না, তবু আমি বিমান কতৃপক্ষের সাথে দু’একদিনের সাথে বসবো।
সবশেষে, আপনাদের বহু মানুষের কাছে সৌদী আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারো ভালো লেগেছে। দুদিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সাথে সৌদী আরবের বড় বড় প্রায় বিশটি চাকুরীদাতা কোম্পানী ও প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সাথে দুটো মিটিং এর ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখবো।
সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।






