ভিওইবি ডেস্ক :
জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২৪ এর সিজন থ্রি। রাজধানী কুয়ালালামপুরের উইসমা এমসিএর পুরো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ঢালিউড কিং শাকিব খান। রোববার ছুটির দিন প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের ছিল উপচেপড়া ভিড়। সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির পারফরম্যান্স মন কাড়ে আগত দর্শকদের। ক্লোজআপ-১ তারকা পুলক অধিকারীর একের পর এক গানে বুঁদ হয়ে যান এমসিএর হাজার চারেক প্রবাসী।
গান পরিবেশন করেন তরুণ উদীয়মান শিল্পী কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও। তবে দর্শকদের বন্দনা কুড়ায় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরীর দলীয় নৃত্য।
এ আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া হয় মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক/প্রিন্ট ও অনলাইন পোর্টালের বেশ কয়েকজন সাংবাদিককেও। সবার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢালিউড কিং শাকিব খান।
অনুষ্ঠানের আয়োজক ছিল রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুপ ইভেন্ট।






