নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলায় শনিবারের মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। বুধবার এ কথা জানান তিনি। এর আগে, নিহতদের কোনো সংখ্যা জানায়নি ভেনেজুয়েলার সরকার। তবে হামলায় নিহত ২৩ সদস্যের তালিকা প্রকাশ করেছে ভেনেজুয়েলার সেনাবাহিনী।
দেশটির কর্মকর্তারা জানান, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আর কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের ৩২ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার (জানুয়ারি ৩) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নজিরবিহীন এক সামরিক অভিযান চালিয়ে নিউইয়র্কে তুলে আনা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। এরপর সোমবার তাঁদেরকে নিউইয়র্কের আদালতে বিচারের সম্মুখীন করেছে ট্রাম্প প্রশাসন।
স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো বলেন, মার্কিন অভিযানে তুলে নিয়ে যাওয়ার সময় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পেয়েছেন। মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে ভেনেজুয়েলার সেনাসদস্যদের সাহসী বলে প্রশংসা করেন কাবেলো। তিনি বলেন, অভিযানে নিহত সেনাসদস্যদের স্মরণে মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ইতোমধ্যেই তাঁকে স্বীকৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। ট্রাম্প প্রশাসনও তাঁর সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে।
এই প্রেক্ষাপটে গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ভেনেজুয়েলা প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ তাঁর নিয়ন্ত্রণে থাকবে। এই অর্থ যাতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের সুবিধার জন্য ব্যবহার করা হয় তা নিশ্চিত করবেন খোদ ট্রাম্প।
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেলের মজুদ আছে ভেনেজুয়েলায়। দেশটিতে মজুদ অপরিশোধিত তেলের পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেল।






