নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার মহান বিজয় দিবস। ৫৩ বছর পেরিয়ে ৫৪ তে পা দিল বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। আজ ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
বিজয় দিবসের প্রথম প্রহরে বীর সন্তানদের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ দেশের বিশিষ্টজন। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ। নামবে সাধারণ মানুষের ঢল। আয়োজনকে কেন্দ্র করে অনেকটাই প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রঙ-তুলির শেষ আঁচড়ে স্পষ্ট হচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ। প্রধান ফটক থেকে বেদি পর্যন্ত সাজিয়ে তোলা হয়েছে নানা বর্ণের বর্ণিলতায়।
গেল এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ। ছোট-বড় গাছ ও ফুলের গাছগুলো কেটেছেটে করা হয়েছে পরিপাটি।
গণপূর্ত অধিদপ্তর বলছে, বিজয় দিবসের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি।
মহান বিজয় দিবসউদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্যাপিত হবে।
সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে বিজয় দিবসের নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে র্যাবও বিজয় দিবস উপলক্ষে এর নিরাপত্তা জোরদার করেছে।
প্রতিষ্ঠালগ্ন হতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব। দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে র্যাব সবসময়ে বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে।






