নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে বিসিবি। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে দেশটিতে যাওয়ার কথা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
এর আগে গতকাল এক অনলাইন বৈঠকে বসেছিল বিসিবি। ওই বৈঠকে ভারতের বিপক্ষে কঠোর অবস্থানে না যাওয়ার পরামর্শ ছিল। তবে দেশজুড়ে তৈরি হওয়া নানান সমালোচনা ও সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের ম্যাচের ভেন্যু বদলের অনুরোধ করেছে বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবির অবস্থান পরিস্কার করা হবে। মোস্তাফিজ এবং বিশ্বকাপ দুই ইস্যুতেও পরিস্কার বার্তা থাকবে।’
বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়া থেকে। নিরাপত্তা শঙ্কায় বিসিসিআই মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এরপরেই প্রশ্ন ওঠে যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না ভারত, সেখানে কিভাবে পুরো দলকে নিরাপত্তা দিবে। এমন কী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এই প্রশ্ন তোলেন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বিসিবিকে জানাবেন তিনি। এরপরেই জানা গেল, বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি।






