নিজস্ব প্রতিবেদক:
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল)। এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী—প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হবে। সব বোর্ডের প্রথমদিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘পরীক্ষা গ্রহণে যা যা প্রস্তুতি দরকার, তা করা শেষ। পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। কেউ যদি প্রশ্নফাঁসের গুজব ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, তাকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরাও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।’
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের ৩০ মিনিটের পর পরীক্ষাকেন্দ্রে এলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে।
বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন। তবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণে অনুমতি দেওয়া যাবে না।






