নিজস্ব প্রতিবেদক:
বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা জানিয়েছেন, তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ডাকেন সাবেক ডিবিপ্রধান হারুন। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা ও সিইও আরিফুলসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পেয়েছেন আলোচিত সমালোচিত এই চিকিৎসক। ২০২৩ সালের ৫ জুন প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান সাবরিনা।
পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত সাবরিনা। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয়, বিনোদন জগতের নানা অনুষ্ঠানেও সম্প্রতি তাকে দেখা যায়।
এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা।
ডা. সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। ওই সময় করোনা মোকাবিলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল, তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনাকারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছেন সাবেক ডিবিপ্রধান হারুন।
তিনি বলেন, অথচ এ মামলায় আমি কোনো এজহারের মূল আসামি ছিলাম না। আমার সঙ্গে এ মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। এ ছাড়া যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে, সে প্রতিষ্ঠানেরও কোনো কিছুতে আমি জড়িত ছিলাম না।






