ভিওইবি ডেস্ক :
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “ আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনের শুরু থেকেই কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাসহ আগত সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
পরে মহান বিজয়ের এই মাসে কনসাল জেনারেল মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, বীরাঙ্গনা ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধে ও জুলাই আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করেন। তিনি দেশের স্বাধীনতায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
আলোচনা সভায় কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কনস্যুলেটে আগতদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অভিনন্দন জানিয়ে বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের আহবান জানান। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি সকলকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য তিনি প্রবাসীদের ঐকান্তিক সহযোগীতা কামনা করেন।






