এরশাদুল বারী, কোপেনহেগেন থেকে : ডেনমার্কের প্রায় ২ মিলিয়ন অর্থাৎ বিশ লাখের মতো মানুষকে এক থেকে প্রায় দশ হাজার ড্যানিশ ক্রোনার সমতুল্য ট্যাক্স ফ্রি ক্যাশ সহায়তা (ফুট চেক) প্রদান করবে ডেনমার্ক সরকার । আগামী সামারে এই সহায়তা করা হবে। এছাড়া সব ধরণের ফলমূল ও সবজি পণ্যের ওপর থেকে ভ্যাট পুরোপুরি তুলে নেওয়া, আগামী দুই বছরের জন্য বিদ্যুৎ বিলের ট্যাক্স কমানো, কর্মজীবীদের বেতন বৃদ্ধি এবং নার্সারি ও কিন্ডারগার্টেনের ফি কমানোরও ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন সোশ্যাল মিডিয়ায় এ ঘোষণা দেয়ার পরেই ডেনমার্কের অর্থমন্ত্রী নিকোলাই ওমেন সরকারি ভাবে একই ঘোষণা দেন। তবে এই সাবসিডি পেনশনার, নিম্ন আয়ের পরিবার ও শিক্ষার্থীদের দেয়া হবে বলে ঘোষণা দেয়া হলেও ড্যানিশ নাগরিকদের বাইরে অন্য দেশের নাগরিক বা ইমিগ্র্যান্টদের দেয়া হবে কিনা সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অর্থমন্ত্রী।
সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার।






