এরশাদুল বারী, কোপেনহেগেন থেকে :
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌছেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি কোপেনহেগেন বিমানবন্দরে পৌছলে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের উর্ধতন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের ডেনমার্ক শাখার নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি বিকেলে কোপেনহেগেনের বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে দেখেন।
দুতাবাস ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় এই সফরে স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার ইউনিসেফের উর্ধতন কর্মর্কতাদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়ন ও সহায়তা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া সোমবার সন্ধ্যা ৬ টায় ডেনমার্ক বিএনপি আয়োজিত এক সংবর্ধনা ও নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। অনুষ্ঠানে ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের দুতালয় প্রধান তন্ময় মজুমদার জানান, তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ, ড্যানিশ সরকার, স্থানীয় বিএনপি ও বাংলাদেশ দুতাবাসে বিভিন্ন কর্মসূচী রয়েছে।






