নিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্ত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর কার্যকলাপ নিয়ে আলোচনার শেষ নেই। এবার তিনি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন কক্সবাজার জেলা জামায়াত নেতার সঙ্গে রাস্তায় বসে ইফতার করার মাধ্যমে।
শুক্রবার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভোমরিয়াঘোনার জন চলাচলের রাস্তার উপর অনুষ্ঠিত এ ইফতারে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ভারপ্রাপ্ত ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাকিম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ডাঃ এহছানুল হক।
স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইফতারের ভিডিও ও ছবি ভাইরাল হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন, সোহেল জাহান চৌধুরীর মাঠে অব্যাহত গণসংযোগ এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে এই ধরনের মিলন স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে।
প্রসঙ্গত, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে সোহেল জাহান চৌধুরী একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। নির্বাচনের আগ মুহূর্তে তিনি ধানের শীষের ভোট প্রার্থনার জন্য উঠান বৈঠক ডেকে জামায়াত নেতাকে মোনাজাত পরিচালনার সুযোগ দেন। নির্বাচনের পর জামিনে মুক্ত হয়ে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসভা চালিয়ে বিতর্কিতভাবে আলোচনার জন্ম দেন।






