জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার সীমান্তবর্তী লামা ফাঁসিয়াখালী এলাকায় শস্যখেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জান্নাত আরা বেগম (৩২) দক্ষিণ ঘুনিয়া এলাকার নুরুল কবিরের মেয়ে। তিনি দিনমজুরির কাজ করতেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া লাগোয়া লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের খিলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে শস্যখেতে কাজ করার সময় অতর্কিতে একটি বন্যহাতি এসে জান্নাত আরাকে শুঁড় দিয়ে আছড়ে পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






