নিজস্ব প্রতিবেদক : দেশী বিদেশী গবেষকদের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এই সম্মেলন শুরু হয়।
বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ শীর্ষক সম্মেলন আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পিয়ার আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দীন শেখর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজিদুল করিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।
সম্মেলনে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়া সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের প্রথম দিন থেকেই শিক্ষাদানের পাশাপাশি গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই লক্ষ্যকে সামনে রেখে সামাজিক বিজ্ঞান অনুষদ ইতোমধ্যে দুইটি আন্তর্জাতিক উপ-সম্মেলনের আয়োজন করা হয়েছে। গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার মাধ্যমে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্মেলনে দেশ ও বিদেশ থেকে মোট ২৭০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এর মধ্যে ১৪৮টি মৌখিক (ওরাল) প্রেজেন্টেশন এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। সম্মেলনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপন এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে।






