স্পোর্টস ডেস্ক:
চলছে পুরুষদের বিপিএল। এরই মাঝে এবার নারী বিপিএল নিয়ে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত নারী বিপিএলে তিন দলের মধ্যে হবে ব্যাট বলের লড়াই। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এসব তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমকে নারী বিপিএলের প্রথম আসর নিয়ে কথা বলেছেন বিসিবির এই পরিচালক।
নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘নারীদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে বোর্ড কিছু দিন ধরেই ভাবছে। সে বিষয়টা মাথায় রেখেই মেয়েদের বিপিএল আয়োজনের চিন্তা। আজ (শুক্রবার) সিদ্ধান্ত হয়েছে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বেশি দল হলে যে মানের খেলোয়াড় প্রয়োজন তা পাওয়া হয়ত সম্ভব হবে না। প্রথমে চারটি দল নিয়ে করার কথা ভেবেছিলাম। এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করছি তিনটি দল নিয়ে আয়োজন করলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট করা যাবে, ভালো ফলাফল আসবে’-যোগ করেন এই বোর্ড পরিচালক।
পুরুষদের বিপিএল শেষ হওয়ার পরপরই নারীদের বিপিএর শুরু হতে পারে বলেও গণমাধ্যমকে জানান নাজমুল আবেদীন ফাহিম।






