আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের নজিরবিহীন বিমান হামলায় নারী ও শিশুসহ ৪৬ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার (ডিসেম্বর ২৫, ২০২৪) বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুজাহিদ জানান, মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় ৪৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও, আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যেও বেশিরভাগই শিশু।
এর আগে আফগান সংবাদমাধ্যম খামা টিভি এই হামলায় ১৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল। তবে তালেবান সরকারের দেওয়া সর্বশেষ তথ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই বিমান হামলাকে ‘বর্বর’ এবং ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার সমুচিত জবাব দেওয়ার কথাও জানিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো নিয়মিতভাবে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল বরাবরই ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।






