নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনে প্রথম ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৮টি মঞ্জুর হয়েছে এবং পাঁচটি আপিল নামঞ্জুর করা হয়েছে। একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে এবং দুটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি বেলা সাড়ে ১১টায় দেওয়া হয়।
আপিল শুনানিতে দেখা গেছে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের জমা দেওয়া ১ শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি। তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর ১ শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের মধ্যে ৮ জন যাচাই করা যায়নি। ফলে মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের মনোনয়নও একই কারণে বাতিল করা হয়েছে। এ ছাড়া ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নও বাতিল করা হয়েছে।
অপরদিকে, কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার আপিলে বিএনপির মনোনীত প্রার্থী ও নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন আব্দুল মতিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।






