নিজস্ব প্রতিবেদক : আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। গত শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসারকে দল থেকে বাদ দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএল খেলার সুযোগ হাতছাড়া হওয়ার পর প্রকাশ্যে তেমন কিছু জানাননি মুস্তাফিজ। তবে তার হতাশার কথা জানিয়েছেন জাতীয় দলের এক সতীর্থ।
রংপুর রাইডার্সের হয়ে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন মুস্তাফিজ। বল হাতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন অভিজ্ঞ এই বাঁহাতি পেসার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার (৪ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে রংপুরকে রুদ্ধশ্বাস এক জয় এনে দিয়েছেন তিনি। আইপিএলের প্রভাব তার পারফরম্যান্সে পড়ছে না। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানও উচ্ছ্বসিত মুস্তাফিজকে নিয়ে। গতকাল ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘আমাদের কাছে মুস্তাফিজুর একজন বিশ্বমানের বোলার। আমাদের হয়ে দীর্ঘ দিন ধরে খেলছে। দলের প্রত্যেকের ভরসা রয়েছে ওর উপর। মুস্তাফিজুরের পারফরম্যান্সে আমরা সকলে খুশি। ওকে নিয়ে এর চেয়ে বেশি আর কী বলব?’
আইপিএল খেলার সুযোগ হাতছাড়া হওয়ার পর মুস্তাফিজের মনের অবস্থা জানিয়ে সোহান আরও বলেছেন, ‘মুস্তাফিজ একদম স্বাভাবিক রয়েছে। কেকেআরের হয়ে খেলার সুযোগ নষ্ট হওয়ায় একটা হতাশা থাকতে পারে। মুস্তাফিজ যে জায়গায় পৌঁছেছে, ও তার যোগ্য। আমি বলব, আরও বেশি কিছু ওর প্রাপ্য ছিল। মুস্তাফিজের মন-মেজাজ ঠিক আছে।’
মুস্তাফিককে আইপিএল থেকে বহিস্কারের ঘটনায় ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে মুস্তাফিজুরকে নিয়ে যে বিতর্ক চলছে, তার মধ্যে ঢুকতে চাননি রংপুর অধিনায়ক।
সোহান বলেছেন, ‘সত্যি বলতে, আমি সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নই। সত্যিই জানি না, কে কী বলছেন বা কোথায় কী হচ্ছে। তবে অনেকে বিষয়টা নিয়ে কথা বলছেন। কিছু কিছু কানে আসছে। মুস্তাফিজুরের খারাপ লাগা অস্বাভাবিক নয়। তবে বাংলাদেশের জন্য নিজের সেরাটা দিতে সব সময় প্রস্তুত থাকে। আমি ওকে বেশ শান্তই দেখছি।’
গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রানে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ। বল হাতে রংপুরকে জেতানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেইজে ছোট প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ সময় দলকে সাহায্য করতে পেরে আমি খুশি। জয়ে অবদান থাকায় ভাল লাগছে। আমাদের পরের ম্যাচের দিকে তাকাতে হবে।’
উল্লেখ্য, বিপিএলের আগে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিও দুর্দান্ত ফর্মে ছিলেন মুস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন তিনি। গত শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নজির গড়েছেন এই বাঁহাতি পেসার। বিশ্বের দ্রুততম পেস বোলার হিসাবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।






