এরশাদুল বারী, কোপেনহেগেন থেকে : আগামী ২৪ মার্চ ডেনমার্কে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মেতে ফেড্রিকসেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এই ঘোষণা দেন। চলতি বছরের অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও প্রায় ৭ মাস আগেই তিনি নির্বাচনের এ ঘোষণা দিলেন।
এরআগে সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মেতে ফেড্রিকসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাট, পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এর দল সেস্ট্রিস্ট মোডারেটস ও সেন্ট্রাল রাইটস লিবারেলস (বাম) দল বিজয় লাভ করে যৌথভাবে সরকার গঠন করে। প্রায় ১১ টি দলের সংসদ সদস্যরা বর্তমান সংসদে প্রতিনিধিত্ব করছেন।
ডেনমার্কে এমন এক সময় জাতীয় নির্বাচনের অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল ও পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি এবং ইউরোপীয়ন ইউনিয়ন, ইউরোপের সামরিক জোট ন্যাটোসহ ইউরোপের শক্তিশালী রাষ্ট্রের প্রধানদের ডেনমার্কের পক্ষে শক্ত অবস্থান নেয়াকে কেন্দ্র করে ডেনমার্কসহ পুরো ইউরোপের রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
তাছাড়া দেশটির দ্রুব্যমূল্যের কিছুটা উর্দ্ধগতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি ও ভিসা জটিলতা এবং জব মার্কেটের চলমান সঙ্কট নিয়ে নতুন ও কঠোর নীতিমালা নিয়ে দেশটিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।আসন্ন নির্বাচনে এসব ইস্যু প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
তবে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, আগামী চার বছর দেশ কিভাবে চলবে এবং কারা নেতৃত্ব দিবে তা আগামী ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।
উল্লেখ্য , ডেনমার্কের সংসদ নির্বাচনে মোট ১৩ টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন। এর বাইরে আরো পাঁচটি দল রয়েছে দুই স্বায়ত্তশাসিত অঞ্চল ফেরো আইল্যান্ড ও গ্রীনল্যান্ড থেকে।
মূলত ডেনমার্কের নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল “রেড ব্লক ” ও “ব্লু ব্লক” নামে দুইটি জোটে বিভক্ত হয়ে নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সোস্যাল ডেমোক্রেটিক পার্টি মূলত রেড ব্লকের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন লিবারেল (বাম) পার্টির ব্লু ব্লক ( কনজারভেটিভ পার্টি) যার নেতৃত্বে রয়েছেন সরেন প্যাপে পৌলসেন। নির্বাচনে ব্লু ব্লক জোট বিজয়ী হলে তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।






