আমিরাত প্রতিনিধি:
আগামী পহেলা মার্চ থেকে আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এ বছর দেশটিতে কারামুক্তি পাচ্ছেন দণ্ডপ্রাপ্ত ১২৯৫ জন৷ দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছর দেশটির প্রেসিডেন্ট দন্ডপ্রাপ্ত আসামীদের কারামুক্তি দেন। এবছরও বিভিন্ন অপরাধে দন্ডিতদের কারামুক্তি দিচ্ছে দেশটির সরকার।
আরব আমিরাতের প্রেসিডেন্টের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, এ বছর যারা মুক্তি পাবেন তারা যেন নতুন জীবন শুরু করতে পারেন সেই কামনা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি মুক্তিপ্রাপ্তদের পরিবারের দুর্ভোগ থেকে পরিত্রাণ কামনা করেছেন।
জানা গেছে, দেশটির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন।






