বিনোদন প্রতিবেদক:
অবশেষে সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করতে যাচ্ছেন ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। গতকাল ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। আজ সোমবার হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
জানা গেছে, শোবিজের অনেকে অংশ নিচ্ছেন আজকের আয়োজনে। বেশ নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে নিমন্ত্রিত অতিথিদের। তোলা যাবে না ছবি। করা যাবে না ভিডিও। যাবেন, আশীর্বাদ করবেন এবং খাওয়া দাওয়া ও আড্ডায় মেতে উঠবেন।
জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ে বাড়ির খানাপিনা ও আনন্দ।
লাক্স তারকা মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেকদিনের। এরই মধ্যে মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। মডেল ও টিভি অভিনেত্রী মেহজাবীন এখন চলচ্চিত্রের অভিনেত্রী। তার অভিনীত সিনেমা দেখেছেন বিশ্বমঞ্চের দর্শক-সমালোচকরাও। রাজীবও পরিচালক হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, প্রযোজক হিসেবেও করেছেন শুভযাত্রা।
জীবনের এই সময়টাকেই বেছে নিয়েছেন তারা বিয়ের জন্য। কাছের মানুষ ও ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা।






