এরশাদুল বারী, কোপেনহেগেন থেকে : গ্রাম বাংলার আবহমান বাঙালি সংস্কৃতির চিরচেনা বৈশাখী উৎসবে কোপেনহেগেন মাতালেন বাংলাদেশের শিল্পীরা । “মেলায় যাইরে, পাগলা হাওয়ার তরে, আগে কি সুন্দর দিন কাটাইতাম “ দেশীয় সংস্কৃতির এমনসব গান, নৃত্য পরিবেশন আর হরেক রকমের গ্রামীণ পিঠা-পুলির পসরা সাজানো বৈশাখী মেলায় ঢুকে যে কেউ মুগ্ধ হয়ে বলবে এটা প্রবাস নয় যেন দেশ থেকে সাড়ে চার হাজার মাইল দূর হলেও এ যেন এক খণ্ড বাংলাদেশ ।
শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নরেব্রোহ্যালেনের মিলনায়তনে বৈশাখী উৎসবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় এমন মনোমুগ্ধকর দৃশ্যই ফুটে উঠে । বাংলাদেশ এসোসিয়েশন ডেনমার্কের উদ্যাগে আয়োজিত এ অনুষ্ঠানে শত শত প্রবাসীরা অংশগ্রহণ করেন । মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রধান তন্ময় মজুমদার । অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন ডেনমার্কের সাধারণ সম্পাদক জিয়া হাসান, অহনা, মিশু ও হিল্লোল বড়ুয়া।
আয়োজন সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়া হাসান বলেন, মা, মাটি ও দেশের টানে সুদূর প্রবাসে থেকেও আমরা প্রতিবছর এমন বৈশাখী উৎসব আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করি । যাতে দেশে পরিবার বা আত্নীয় স্বজন ছেড়ে প্রবাসে থাকলেও সবাই একসাথে উৎসবটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি ।
অনুষ্ঠানে বৈশাখী নাচ-গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরেও সবার নজর কাড়ে বৈশাখ উপলক্ষে আয়োজিত পিঠাপুলি ও খাবারের স্টলগুলোতে । হরেক রকমের পিঠা পুলি, মিষ্টান্ন, ফুচকা চটপটির মতো দেশীয় খাবার আর শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলনার আয়োজন দেখে বোঝার উপায় ছিল না যে এটা কোন ভিনদেশ। পুরো আয়োজন জুড়ে বৈশাখী উৎসব যেন পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায় ।
মেলার দর্শনার্থী সোনিয়া সারোয়ার বলেন, এতো সুন্দর ও উৎসবমুখর আয়োজনে এসে আমরা মুগ্ধ হয়েছি । দেশের গণ্ডির বাইরে ইউরোপের মাটিতে এমন চমৎকার আয়োজন প্রবাসীদের সত্যিই মুগ্ধ করেছে ।





