নিজস্ব প্রতিবেদক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে জামফারা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার গভীর রাতে জামফারার বুককুয়ুম এলাকার একটি গ্রামে মোটরসাইকেলে করে প্রবেশ করে সশস্ত্র সন্ত্রাসীরা।
শুক্রবার সকালে পর্যন্ত গ্রামজুড়ে হামলা চালায় তারা। বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের অপহরণ করে।
বুককুয়ুম দক্ষিণের প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতা হামিসু এ ফারু বলেন, অপহৃতদের সংখ্যা এখনো স্পষ্ট নয়, কারণ স্থানীয় কর্মকর্তারা এখনো নিখোঁজদের তালিকা তৈরি করছেন।
স্থানীয় বাসিন্দা ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি জানান, গ্রামবাসীরা একদিন আগে ১৫০ টিরও বেশি মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীদের দেখে নিরাপত্তা বাহিনীকে জানিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত সপ্তাহেই, উত্তর-পশ্চিম নাইজার রাজ্যের বোরগু এলাকায় অভিযানে কমপক্ষে ৪৬ জন নিহত হন। সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে কনকোসো গ্রামে, যেখানে কমপক্ষে ৩৮ জন বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়।






