নিজস্ব প্রতিবেদক:
দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভেতরেই বলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে এলজিইডি ভবন মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মাটিতেই সমাধান করতে হবে। কারণ সমস্যার সমাধান দেশের মানুষের হাতেই। কোনো বাইরের শক্তির কাছে এর সমাধান নেই। সংস্কার, বিচার সবকিছুর সমাধান একটাই, তা হলো বাংলাদেশের জনগণ। সমাধান দেওয়ার আর কেউ নেই। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। মাত্র একটাই অস্ত্র, সেটা জনগণ।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আবদুল আউয়াল।
নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয় জানিয়ে আমীর খসরু বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। কারণ একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। অনির্বাচিত সরকারের পক্ষে এসব বাস্তবায়ন করা সম্ভব নয়। জনগণের সমর্থনব্যতীত কোনো কিছুই সম্ভব না।
তিনি বলেন, তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। এটা কোনো দল চায় কি চায় না, সেটাই মুখ্য নয়, বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, প্রত্যাশা করছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জর্জ ওয়াশিংটনের সঙ্গে তুলনা করে আমীর খসরু বলেন, বিশ্বের অল্প কয়েকজন ব্যক্তিত্বের মধ্যে মধ্যে জিয়াউর রহমান ছিলেন একজন। জিয়াউর রহমান প্রথমে একটি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। একটি দেশের স্বাধীনতা ঘোষণা করতে যে সাহস, সে দূরদর্শিতা, যে ঝুঁকি একজন লিডার নেন, সেটা একটা বিশাল ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে তিনি একজন বিশ্বমানের সংস্কারক, একজন রাজনীতিবিদ, উনি একজন দার্শনিক, একজন সমাজ গড়ার কারিগর। উনি বাংলাদেশের মানুষের পরিচয় দিয়েছেন, একটি জাতির অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন, জাতির দিকদর্শন দিয়েছেন। সবকিছুর সমন্বয়ে চিন্তা করলে দেখা যাবে এই মানের বিশ্বে মাত্র কয়েকজন মানুষ রয়েছেন। এদের মধ্যে একজন জর্জ ওয়াশিংটন। বাংলাদেশের কারও সঙ্গে জিয়াউর রহমানের তুলনা করার প্রয়োজন নেই।
আগামী দিনের জন্য মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে আগামী দিনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, আমাদের বিরুদ্ধে যারা আছে তাদের পরাজিত করতে হলে মেধাভিত্তিক রাজনীতি করতে হবে।
তিনি বলেন, একটি সরকার মানে শুধু মন্ত্রী, এমপি, পুলিশ, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনী নয়। একটি সরকারের মেরুদণ্ড হচ্ছে দেশের জনগণ। এই জনগণের শক্তির ওপর ভিত্তি করেই চলে সরকার।
তিনি বলেন, একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সংস্কৃতি সবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের সংস্কৃতির জায়গাটি অনেকটা পিছিয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’ নামক একটি উদ্যোগ নিয়েছেন। এতে নাটক, সংগীত, চিত্রশিল্প, কামার-কুমার, তাঁতী যারা সংস্কৃতিভিত্তিক কাজ করেন, তাদের একটি বিশাল অর্থনৈতিক পরিসরে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাইরের সংস্কৃতি থেকে মুক্তি পেতে হলে নিজেদের সংস্কৃতিকেই এগিয়ে আনতে হবে।
দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, বিএনপি এখন যে প্রস্তুতি নিচ্ছে, তা অত্যন্ত পরিকল্পিত। জনগণ যদি আমাদের নির্বাচিত করে, তাহলে আমরা প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারবো। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হচ্ছে শহীদ জিয়াউর রহমানের দর্শন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার।






