জেলা প্রতিনিধি:
“কিডনি সুরক্ষায় অঙ্কুরেই শনাক্ত করুন” স্লোগানে ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টার থেকে র্যালিটি বের হয়।
বেসরকারি কিডনি ডায়ালাইসিস প্রতিষ্ঠান ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার এ র্যালির আয়োজন করে। র্যালিটি ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. তৌফিকুর রহমান। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম, ল্যাব ইনচার্জ মো. হাসানুর রহমান, টেকনিশিয়ান সুমাইয়া সুলতানা সহ নার্স, কর্মচারী ও স্কাউটস সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কিডনি রোগ সম্পর্কে সচেতনতার বিকল্প নেই। কিডনি সুরক্ষিত রাখতে আমরা পানি পান করি, শরীরচর্চা করি। কিন্তু আমরা কিডনি পরীক্ষা করি না। কিডনি রোগ এড়াতে বছরে অন্তত দুই বার পরীক্ষা করা উচিত। এতে রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা করা যায়।






