নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরের পেঁয়াজের দাম বাড়ছে। আড়তদারদের কথায় যা বোঝা যাচ্ছে সামনে দাম আরও বাড়বে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবারও বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা ছিল। কিছু কিছু ব্যবসায়ী বাছাই করা ভালো পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করছিলেন। এখন সেই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মালিবাগ হাজীপাড়ায় পেঁয়াজ বিক্রেতা মো. জাহাঙ্গীর বলেন, শুক্রবার আমরা হালি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি করেছিলাম। কিন্তু গত দুই দিন ধরে পাইকারিতে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল ৪৫ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে যে দামে কিনেছি তাতে ৫০ টাকার নিচে বিক্রি করার উপায় নেই।
রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ৫০ থেকে ৫৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন। গত শুক্রবার এই বাজারে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হয়। অর্থাৎ তিনদিনের ব্যবধানে এখানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।
রামপুরায় পেঁয়াজ বিক্রেতা আল আমিন বলেন, হঠাৎ করেই আড়তে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত দুই দিনে আড়তে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকার ওপরে বেড়েছে। পাইকারিতে দাম বাড়ায় আমরাও দাম বাড়াতে বাধ্য হয়েছি। কারণ বেশি দামে কিনে তো আর কম দামে বিক্রি করা সম্ভব না।
শান্তিনগর বাজারে পেঁয়াজ কিনতে আসা সুলাইমান হোসেন বলেন, কিছুদিন আগে বাছাই করা পেঁয়াজের কেজি ৪৫ টাকা করে কিনেছে। আজ ৬৫ টাকা কেজি চাচ্ছে। কয়দিনে পেঁয়াজার দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেলো। বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম বেড়ে গেছে, তাই তারা দাম বাড়িয়ে বিক্রি করছেন।
তিনি বলেন, এখন তো আমাদের দেশি পেঁয়াজের ভরা মৌসুম। তাহলে এখন কেন পেঁয়াজের দাম এভাবে বাড়বে? আসলে বাজারে এখন মনিটরিং নেই, এ কারণে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছেন। সংশ্লিষ্টদের উচিত দ্রুত বাজারে নজরদারি বাড়ানো, তা না হলে পেঁয়াজের দাম আরও বেড়ে যাবে। এর আগেও আমরা দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়তে দেখেছি। এই সরকারের এখনই পেঁয়াজের বাজারে নজরদারি বাড়ানো উচিত।






