জেলা প্রতিনিধি:
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি দায়ের করেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিংড়া থানা ওসি আসমাউল হক।
মামলার এজাহারে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে। একই সঙ্গে লাইসেন্স করা অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়। কিন্তু বেধে দেওয়া সময়ের পরও জুনাইদ আহমেদ পলক তার হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান থানায় জমা দেননি। সরকারের নির্দেশনা অমান্য করে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
ওসি জানান, নির্ধারিত সময়ে অস্ত্র দুটি জমা না দেওয়ায় আইনত অস্ত্র দুটি অবৈধ। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত আগস্টে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাসহ বিভিন্ন মামলা হয়েছে।






