জেলা প্রতিনিধি:
ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্কে নাটোরের সিংড়ায় নাহিদ হোসেন (৯) নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চম শ্রেণীর অপর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত স্কুলছাত্র নাহিদ হোসেন বড়গাঁও গ্রামের দিনমজুর হাফিজুল ইসলামের ছেলে।
সোমবার দুপুর দেড়টার সিংড়ায় উপজেলা বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই শিক্ষার্থী নাম রাব্বি ও তৌফিক। তারা একই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম রঞ্জু জানান, সোমবার টিফিনের বিরতি চলাকালে স্কুলের খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। হঠাৎ ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাহিদ হোসেনের সাথে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী রাব্বি ও তৌফিকের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তাদের কিল ঘুসিতে শিক্ষার্থী নাহিদ হোসেন গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ বলেন, টিফিনের বিরতিতে খেলাধুলার সময় শিক্ষার্থীদের মারামারিতে কারণে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল সঞ্জয় কুমার সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কর্মকর্তারা।






