এরশাদুল বারী, কোপেনহেগেন :
দীর্ঘ এক মাসের ইবাদত বন্দেগী ও সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব-আনন্দের মধ্য দিয়ে শুক্রবার (২০ মার্চ) ইউরোপের বিভিন্ন দেশের মত ডেনমার্কেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমান নারী-পুরুষ ও শিশু-কিশোরদের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিবার ছাড়া দেশের বাইরের এই ঈদে এক ভিন্ন আমেজ তৈরি হলেও ঈদের আনন্দের কোন কমতি ছিল না মুসল্লীদের মধ্যে।
কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির দুইটি মসজিদ দারুল আরকাম সেন্টার ও বায়তুল মোকাররম ডেনমার্ক জামে মসজিদে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত পৃথক ৫ টি ঈদের জামাতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জায়নামাজ নিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা।এছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, তুরস্ক, সোমালিয়াসহ বিভিন্ন মুসলিম দেশগুলোর মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দারুল আরকাম সেন্টারে ঈদের নামাজ শেষে শিশু কিশোরদের মধ্যে ঈদের সেলামি বিতরণ করেন মসজিদ কমিটির সভাপিত তোফায়েল হোসেন তুহিন।তিনি বলেন, ঈদ হচ্ছে খুশি ও আনন্দের দিন। তাই শিশু-কিশোরদের সাথে নিয়ে আমরা ঈদের আনন্দ শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়া বায়তুল মোকাররম জামে মসজিদেও ঈদের নামাজ শেষে মিস্টান্ন বিতরণ করা হয়।
এছাড়া রাজধানী কোপেনহেগেনের বাইরে অন্য বড় শহরগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।






