নিজস্ব প্রতিবেদক : ইউক্রেনের একাধিক শহরে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছে। যুদ্ধের অবসান নিয়ে জেনেভায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের আগে এ হামলা চালানো হলো।
চার বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এ যুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। পূর্ব ও দক্ষিণাঞ্চলসহ রাশিয়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে। ওয়াশিংটন এই সংঘাতের অবসান চায়।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, কিয়েভে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
তিনি টেলিগ্রামে লেখেন, ‘বিমান প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকুন।’
কিয়েভ পুলিশ জানায়, হামলায় অনাবাসিক ভবনে আগুন, একটি বহুতল ভবনের বারান্দার জানালা ভেঙে যাওয়া ও দোতলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে।
হামলায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আঞ্চলিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও পাশের একটি গ্রামে ১৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে সাত বছর বয়সি এক শিশুও রয়েছে।
দক্ষিণে জাপোরিঝিয়ায়ও ব্যাপক হামলা হয়। আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ বলেন, হামলায় ১৯টি অ্যাপার্টমেন্ট ভবন, চারটি বাড়ি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাতজন আহত হয়। ক্রিভিই রিহ শহরে দুজন আহত হয়েছে।






