এরশাদুল বারী, কোপেনহেগেন থেকে : যুব উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। শনিবার বেলাহয় ইসলামিক কালচারাল মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এরআগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্য দিয়ে শুরু হয় যুব উৎসব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, ও জাতীয়তাবাদী দল (বি এন পি) এর ডেনমার্ক শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গাজী মনির আহমেদ, দূতালয়ের কাউন্সিলর ও চ্যান্সারি প্রধান তন্ময় মজুমদার, ডেনমার্ক বি এন পি-র সাধারন সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি শাহ নেওয়াজ ইকবাল, ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন প্রমুখ।
যুব উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ‘বাংলা টাইগার’ এবং রানারআপ-এর মর্যাদা অর্জনকারী দল ‘সেকেন্ড জেনারেশন’। বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট এ সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তথা সুন্দর ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেবার জন্য সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং যুব উৎসব ২০২৫ সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের ট্রফি প্রদান ও উভয় দলের খেলোয়াড়দের মেডেল পড়িয়ে দেয়া হয়।






