প্রবাস ডেস্ক:
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মুনির আহমেদ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গাজী মুনির আহমেদ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ সম্রাট নড়াইলের কালিয়া উপজেলা বিএনপি ও কালিয়া পৌর বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় আলোচনা করতে ঢাকা থেকে কালিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে যোগানিয়া বাজারে পৌছলে আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে তার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় ১৫/২০টি মোটরসাইকেলে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে আহত আব্দুল লতিফ সম্রাটকে গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছেন ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মুনির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আব্দুল লতিফ সম্রাট শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার । এই সময়ে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার ওপর হামলার ঘটনা দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।






